কলকাতা – শিয়ালদহ আদালতের বাইরে শুক্রবার দেখা গেল এক নাটকীয় দৃশ্য। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার মা ক্ষোভ উগরে দিলেন সিবিআই তদন্তকারী আধিকারিক সীমা পাহুজার বিরুদ্ধে। আদালতে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পর বাইরে বেরোনোর সময় তিনি আঙুল তুলে সীমাকে ‘শয়তান’ ও ‘কালপ্রিট’ বলে তীব্র আক্রমণ করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি অভিযোগ করেন যে, তাকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি এবং নারাজি পিটিশন জমা দিতেও বাধা দেওয়া হয়েছে। এ সময় সিবিআই আধিকারিকরা নীরব থাকলেও পরিস্থিতি সামাল দেন তার আইনজীবী ও উপস্থিত পুলিশকর্মীরা।
আইনজীবীদের পক্ষ থেকে অভিযোগ, মামলার একমাত্র অভিযুক্ত সঞ্জয় রাই যাবজ্জীবন কারাদণ্ড পেলেও একাধিক পুলিশ আধিকারিকের গাফিলতির তদন্ত হয়নি। এমনকি মামলাটি সিবিআইয়ের হাতে যাওয়ার আগেই প্রমাণ নষ্ট করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হয়নি। এছাড়া হাসপাতালের এমএসভিপির বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে প্রশ্ন ওঠে।
অন্যদিকে, সিবিআই আইনজীবীর দাবি, এই তদন্ত একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। পুলিশ অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও তারা সরাসরি ধর্ষণ বা খুনের সঙ্গে যুক্ত নন, এটি বিভাগীয় বিষয়। টালা থানার ওসির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ নভেম্বর, সেদিন আরও একটি রিপোর্ট জমা দিতে পারে সিবিআই।




















