২৩ কোটির ষাঁড় ‘অনমোল’-এর মৃত্যুর গুজবে উত্তেজনা, পরে জানা গেল আসল সত্যি

২৩ কোটির ষাঁড় ‘অনমোল’-এর মৃত্যুর গুজবে উত্তেজনা, পরে জানা গেল আসল সত্যি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – রাজস্থানের পুষ্করের বিখ্যাত পশুমেলায় ছড়িয়ে পড়েছিল এক চাঞ্চল্যকর খবর — মারা গেছে ২৩ কোটি টাকার দামী ষাঁড় অনমোল! শুক্রবার থেকেই সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। বিভিন্ন এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট হতে থাকে একাধিক ভিডিয়ো, যেখানে দাবি করা হয়, ‘মেলার গর্ব অনমোল হঠাৎ মারা গেছে।’ মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিয়োগুলি, ছড়িয়ে পড়ে জল্পনা ও উত্তেজনা।

হরিয়ানার সিরসার এই মুরা প্রজাতির ষাঁড় অনমোল বহু বছর ধরেই পুষ্কর মেলার প্রধান আকর্ষণ। তার দাম শুনলে চোখ কপালে উঠবে — গোটা ২৩ কোটি টাকা! এমন এক বিরল ষাঁড়ের মৃত্যু ঘটেছে, এই খবরেই রীতিমতো শোকের ছায়া নেমে আসে গবাদি পশুপ্রেমীদের মধ্যে। অনেকে দাবি করেন, ষাঁড়টির ওজন বাড়ানোর জন্য মাদকের ইঞ্জেকশন দেওয়া হত, যার ফলেই মৃত্যু হয়েছে তার।

তবে দ্রুতই প্রকাশ্যে আসে আসল সত্য। মেলার আয়োজকরা এবং স্থানীয় প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয়, অনমোল সম্পূর্ণ সুস্থ, মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। তাঁরা জানান, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তা পুরনো বা সম্পাদিত — সমাজমাধ্যমে ইচ্ছে করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। অনমোলের মালিকও বিবৃতি দিয়ে জানান, “অনমোল একদম ভালো আছে, আগের মতোই খাচ্ছে, বিশ্রাম নিচ্ছে।”

এই ৯ বছর বয়সি বিশালকায় ষাঁড়ের ওজন প্রায় দেড় হাজার কেজি। তার দৈনন্দিন খাবারের তালিকাই তাক লাগানো — ২৫০ গ্রাম আমন্ড, ৪ কেজি বেদানা, ৩০টি কলা, ২০টি ডিম, সঙ্গে সয়াবিন, ভুট্টা, দেশি ঘি এবং তাজা সবুজ পশুখাদ্য। অনমোল’কে ঘিরে এত জনপ্রিয়তা যে, তার বীর্যের দামই প্রায় ৫ লাখ টাকা! মাসে দু’বার বীর্য সংগ্রহ করা হয়, যার বিক্রয় থেকে আয় হয় ৪–৫ লাখ টাকা। মালিকের কথায়, “আমার অনমোল শুধু ষাঁড় নয়, আমাদের পরিবারের সদস্য।”

পুষ্কর মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, অনমোল এখনও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। তার মৃত্যুর গুজব সমাজমাধ্যমে যে পরিমাণ বিভ্রান্তি ছড়িয়েছে, তা নিয়ে তদন্তও শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top