রাজ্য – ২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়ায় কড়া নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ভিন্রাজ্য এবং কমিশনের তরফ থেকে মোট পাঁচজন নোডাল অফিসারকে অবজারভার হিসেবে রাজ্যে পাঠানো হয়েছে। তাঁরা রাজ্যের বিভিন্ন যাচাই কেন্দ্রে উপস্থিত থেকে ইভিএমের সঠিকতা, নিরাপত্তা এবং নিয়মকানুন ঠিকভাবে মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অরুণাচল প্রদেশ থেকে ডেপুটি সিইও শানিয়া কায়েম মিজে, মহারাষ্ট্র থেকে ডেপুটি সিইও যোগেশ গোসাভি, মেঘালয় থেকে অতিরিক্ত সিইও পি কে বোরো এবং মিজোরাম থেকে যুগ্ম সিইও এথেল রোথাংপুইকে এই দায়িত্বে পাঠানো হয়েছে। পাশাপাশি আন্ডার সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা কণিষ্ক কুমারকেও অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে।
নোডাল অফিসাররা যাচাই কেন্দ্রে উপস্থিত থেকে প্রতিটি ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং ধাপ নিবিড়ভাবে মনিটর করবেন। প্রতিটি যন্ত্র নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে কি না, কোথাও কোনও ত্রুটি বা গাফিলতি রয়েছে কি না, সেদিকেও বিশেষ নজর থাকবে।
রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিটি পর্যায়ের বিস্তারিত রিপোর্ট অবজারভাররা সরাসরি নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন। কমিশনের লক্ষ্য, ইভিএম সংক্রান্ত কোনওরকম প্রশ্ন বা বিতর্কের সুযোগ না রেখে সম্পূর্ণ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা।
নির্বাচন কমিশনের আশা, এই বাড়তি নজরদারি ও বহিরাগত অবজারভার নিয়োগের মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনে ইভিএম ব্যবস্থাপনা আরও মজবুত, নিরাপদ এবং প্রশ্নাতীত হবে।




















