রাজ্য -বাণিজ্য কনক্লেভের মঞ্চ থেকে ঘোষণার পর এবার সরকারি ভাবে কর্মশ্রী প্রকল্পের নাম বদলে দিল রাজ্য সরকার। পঞ্চায়েত দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে কর্মশ্রী প্রকল্প ‘মহাত্মা-শ্রী’ নামে পরিচিত হবে। পাশাপাশি জবকার্ড থাকা শ্রমিকদের বিভিন্ন দফতরের মাধ্যমে কাজ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই প্রকল্পে কর্মদিবস ৭৫ দিন থেকে বাড়িয়ে ১০০ দিন করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনার আবহে রাজ্যের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। সম্প্রতি লোকসভায় প্রবল বিরোধিতার মধ্যেই মোদী সরকার মনরেগা প্রকল্পের নাম বদলে নতুন বিল পাশ করিয়েছে। সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, কেন্দ্র যদি জাতির পিতাকে সম্মান না দেয়, তাহলে রাজ্য তা করবে।
বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনের মঞ্চে এই ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া লজ্জার। আমরা স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দিতে জানি। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে ‘মহাত্মা-শ্রী’ রাখা হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে মহাত্মা গান্ধী—সবাইকে সম্মান জানানোই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির অংশ বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলের বিল পেশ করেন। প্রস্তাবিত বিলে মনরেগা বা Mahatma Gandhi National Rural Employment Guarantee Act-এর নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), সংক্ষেপে VB-G RAM-G বা ‘জি রাম জি’ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে কর্মদিবস ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব রয়েছে। তবে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হচ্ছে, যার ফলে রাজ্যগুলির উপর আর্থিক চাপ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিরোধীরা।
এই সিদ্ধান্তের প্রতিবাদে সংসদের ভিতরের পাশাপাশি বাইরে বিক্ষোভে নেমেছে বিরোধী শিবির। সংসদ চত্বরে ব্যানার ও পোস্টার হাতে মিছিল করেন ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতারা। কংগ্রেসের তরফে সনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গেও সেই মিছিলে অংশ নেন। কেন্দ্রের সিদ্ধান্তকে ‘জাতির পিতার অবমাননা’ বলে দাবি করে অবিলম্বে নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছে বিরোধীরা।
রাজ্যের পক্ষ থেকে কর্মশ্রী প্রকল্পের নাম বদলে ‘মহাত্মা-শ্রী’ করার সিদ্ধান্ত সেই রাজনৈতিক সংঘাতের মধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।




















