রাজ্য – শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে এসআইআরের (SIR) হেয়ারিং পর্ব। নির্বাচন কমিশন বিএলওদের মাধ্যমে যাদের নোটিশ পাঠিয়েছে, তাদেরকে হেয়ারিংয়ে উপস্থিত হতে হবে। এই হেয়ারিংয়ে উপস্থিতির সময় ভোটারদের ছবি তোলা হবে এবং স্বাক্ষর সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্য কমিশনের পোর্টালে আপলোড করা হবে। সেই সঙ্গে ভোটারদের প্রয়োজনীয় নথিও অনলাইনে আপলোড করতে হবে এবং তা মিলিয়ে যাচাই করা হবে। পরে এই রিপোর্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পৌঁছাবে এবং তারা কয়েক দিনের মধ্যে কমিশনকে প্রেরণ করবেন।
প্রত্যেক বিধানসভার ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ভোটারদের দেওয়া নথি অনলাইনে আপলোড করবেন। আপলোডের পর জেলা প্রশাসক সেটি বৈধ বা অবৈধ হিসেবে সার্টিফাই করবেন। জেলা প্রশাসকের সার্টিফিকেশন পাওয়ার পর জেলা নির্বাচন আধিকারিক কমিশনকে চূড়ান্ত রিপোর্ট দেবেন।
শুনানি কেন্দ্রের মধ্যে শুধু বিএলও এবং ERO উপস্থিত থাকবেন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা কেন্দ্রের ভিতরে থাকতে পারবেন না, তারা শুধু বাইরে অবস্থান করতে পারবেন।
এসআইআর প্রক্রিয়ার কাজ রাজ্যজুড়ে নভেম্বর মাসের ৪ তারিখ থেকে শুরু হয়েছে। ডেডলাইনের পরও সংশোধন কাজের সময়সীমা বৃদ্ধি পেয়েছিল। এবার শনিবার থেকে এসআইআর-এর প্রথম হেয়ারিং পর্ব শুরু হচ্ছে। শনিবার ডাক পড়েছে সেই সমস্ত ভোটারদের, যাদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক বা ম্যাপিং পাওয়া যায়নি। সূত্রের খবর, প্রথম পর্বে রাজ্যজুড়ে মোট ৩১,৬৮,৪২৪ জন ভোটারকে ডাক দেওয়া হয়েছে।




















