দেশ – বছরশেষে দেশের বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগো সমস্যায় পড়েছে। চরম অব্যবস্থার কারণে দেশজুড়ে তাদের ফ্লাইট পরিষেবা বিঘ্নিত হওয়ায় ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের নজরে এসেছে প্রতিষ্ঠানটি। বড় আর্থিক জরিমানা করার পর এবার জিএসটি সংক্রান্ত অতিরিক্ত জরিমানার নোটিস পাঠানো হয়েছে।
নিয়ম মেনে জিএসটি না মেটানোয় দিল্লি সরকার ইন্ডিগোকে ৪৫৮ কোটি ২৬ লক্ষ টাকার নোটিস দিয়েছে। অভিযোগ, ২০২২–২৩ অর্থবর্ষে নির্ধারিত কর নিয়ম অনুযায়ী তারা কর শোধ করেনি। পাশাপাশি, উত্তরপ্রদেশের সিজিএসটি কমিশনের তরফ থেকেও প্রায় ১৫ লক্ষ টাকার নোটিস পাঠানো হয়েছে। এই নোটিস বিষয়টি বুধবারই শেয়ারবাজারে জানায় ইন্ডিগো। তবে বিমানসংস্থার দাবি, তারা কোনও নিয়ম ভঙ্গ করেনি। সব নোটিসের জবাব দেওয়া হবে এবং প্রয়োজনে আইনি পথে মোকাবিলা করা হবে।
উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতে দেশের বিভিন্ন স্থানে ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়। ওই ঘটনার তদন্তের জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির রিপোর্টে ইন্ডিগোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ ছিল। ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক মোটা অঙ্কের জরিমানা আর আংশিক ফ্লাইট বন্ধ রাখার শাস্তি দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে জিএসটি সংক্রান্ত জরিমানার নোটিস ইন্ডিগোর জন্য আরও চাপ তৈরি করছে।




















