কলকাতা – বছরের প্রথম দিন ও কল্পতরু উৎসব—এই দুইয়ের মিলনে রাজ্যের বিভিন্ন তীর্থস্থানে ভক্তদের ঢল নেমেছে। দক্ষিণেশ্বর কালী মন্দির, কালীঘাট, বেলুড় মঠ এবং কাশিপুর উদ্যানবাটিতে ভোর থেকেই ভিড় জমতে শুরু করে। হাতে পুজোর ডালা নিয়ে বহু ভক্তই গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়ে মায়ের আশীর্বাদের অপেক্ষায় রয়েছেন।
এই বিশেষ দিনে মায়ের কাছে আশীর্বাদ পেতে চান সকলেই। ভক্তদের ভিড় সামাল দিতে দক্ষিণেশ্বর ও কালীঘাট-সহ প্রতিটি গুরুত্বপূর্ণ মন্দির এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় শান্তিপূর্ণভাবে দর্শনপর্ব চালানো হচ্ছে।
দক্ষিণেশ্বর ও কালীঘাটের পাশাপাশি কাশিপুর উদ্যানবাটিতেও লক্ষণীয় ভিড়। বিশ্বাস অনুযায়ী, এই দিনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব কল্পতরু হয়েছিলেন। ভক্তদের বিশ্বাস, ওই দিনে তাঁর কাছে যে প্রার্থনা করা হয়েছিল, তা পূর্ণ হয়েছিল। বহু ভক্ত শ্রীরামকৃষ্ণ দেবকে স্বয়ং নারায়ণের অবতার বলে মনে করেন।
প্রচলিত রীতি অনুযায়ী, প্রতি বছরের মতো এবারও ইংরেজি বছরের প্রথম দিনে কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব পালন করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও স্বামী বিবেকানন্দের ভক্তরা এই দিনটি যথাযথ নিয়ম ও আচার মেনে পালন করে থাকেন।
কাশিপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের মতো বেলুড় মঠেও ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের সমাগম শুরু হয়। এই উপলক্ষে বেলুড় মঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ভোর সাড়ে চারটেয় মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মূল মন্দিরের পাশাপাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দের বিশেষ পুজোর ব্যবস্থাও করা হয়েছে।
দক্ষিণেশ্বর কালী মন্দিরে দর্শনার্থীদের সুবিধার জন্য চারটি গেট খোলা রাখা হয়েছে। প্রতিটি তীর্থস্থানেই নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে দর্শন করতে পারেন এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।




















