উত্তরবঙ্গ দখলের লক্ষ্যেই অভিষেকের মেগা সভা, আলিপুরদুয়ারে ৬১ চা-বাগানের শ্রমিকদের সঙ্গে সরাসরি সংলাপ

উত্তরবঙ্গ দখলের লক্ষ্যেই অভিষেকের মেগা সভা, আলিপুরদুয়ারে ৬১ চা-বাগানের শ্রমিকদের সঙ্গে সরাসরি সংলাপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিরোধীদের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণের পথে নেমেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দলীয় নেতা-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে ‘যতই করো হামলা আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে রাজ্যের এক জেলা থেকে অন্য জেলায় জনসভা করছেন তিনি। বছরের দ্বিতীয় দিন থেকেই এই কর্মসূচির সূচনা হয়। শুক্রবার বারুইপুরে সভা করার পর শনিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পৌঁছনোর কথা অভিষেকের।
দক্ষিণবঙ্গে রাজনৈতিক কর্মসূচির পর এবার সরাসরি উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের মেগা সভা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। গত বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল মাথায় রেখে এবারের ভোটে উত্তরবঙ্গকে বিশেষভাবে টার্গেট করছে রাজ্যের শাসক দল— তা স্পষ্ট। সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার উত্তরবঙ্গ সফর করেছেন। এবার সেই ধারাবাহিকতাতেই আলিপুরদুয়ারে সভা করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আলিপুরদুয়ারে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতা-কর্মী এবং চা-বাগানের শ্রমিকদের নিয়েই জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার দুপুর ১টা নাগাদ আলিপুরদুয়ার শহর সংলগ্ন মাঝেরডাবরি চা-বাগানের মাঠে ৬১টি চা-বাগানের শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। সভায় শ্রমিকদের জন্য মঞ্চের সামনে বিশেষ গ্যালারির ব্যবস্থা করা হয়েছে। সেই গ্যালারির কাছ পর্যন্ত যাওয়ার জন্য তৈরি করা হয়েছে র‍্যাম্প, যাতে অভিষেক সরাসরি শ্রমিকদের মুখোমুখি হয়ে কথা বলতে পারেন।
শুক্রবার সভার প্রস্তুতি খতিয়ে দেখেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের সভা থেকে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আলিপুরদুয়ারের সভা থেকে তিনি কী রাজনৈতিক বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে তৃণমূলের নেতা-কর্মীরা। বিশেষ করে চা-শ্রমিকদের অধিকার ও উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ নিয়ে তাঁর বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top