রাজ্য – আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির অন্দরে ক্রমশ জোরালো হচ্ছে বিদ্রোহের সুর। দলের একাংশের অভিযোগ, ভিনরাজ্য থেকে আসা হিন্দিভাষী নেতারা বাংলায় এসে পাঁচতারা হোটেলে থাকা ও বিলাসবহুল গাড়িতে চড়ে প্রচার চালালেও, সেই তুলনায় স্থানীয় বুথ কর্মীদের জন্য বরাদ্দ অর্থ মারাত্মকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। ফলে মাঠে কাজ করা কর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।
দলীয় সূত্রের খবর, ভাষাগত সমস্যার কারণে এই বহিরাগত নেতারা গ্রামীণ মানুষের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে পারছেন না। স্থানীয় সংস্কৃতি ও ভাষা সম্পর্কে অজ্ঞতার কারণে প্রচারে কাঙ্ক্ষিত সাফল্য মিলছে না বলেও অভিযোগ উঠেছে। অথচ এই নেতাদের প্রচারের পেছনেই বিপুল অঙ্কের অর্থ ব্যয় করা হচ্ছে, যা বুথ স্তরের কর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে।
এই আর্থিক বৈষম্য ও অবহেলার প্রতিবাদে একাধিক জেলা নেতৃত্ব রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা নেতাদের স্পষ্ট দাবি, বুথ কর্মীদের ন্যূনতম যাতায়াত ও সাংগঠনিক খরচ না জুগিয়ে বাইরের নেতাদের পেছনে অঢেল টাকা খরচ করলে দলের সংহতি ভেঙে পড়বে। এতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরও দুর্বল হয়ে পড়বে বলেই মত তাঁদের।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে বহু কর্মী নির্বাচনী কাজ থেকে সরে দাঁড়াতে পারেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দলের অন্দরের এই অসন্তোষ যদি প্রশমিত না হয়, তবে বিজেপির ‘বাংলা দখল’ লক্ষ্য বাস্তবায়নে তা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলেই রাজনৈতিক মহলের ধারণা।




















