মদ্যপ স্বামীর নৃশংসতা, গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা নলহাটিতে

মদ্যপ স্বামীর নৃশংসতা, গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা নলহাটিতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বীরভূম – মদ্যপ অবস্থায় প্রায় রোজই বাড়িতে অশান্তি লেগেই থাকত। কখনও মারধর, কখনও গালিগালাজ, কখনও আবার খুনের হুমকি। কিন্তু স্বামী যে একদিন গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিতে পারেন, তা কোনওভাবেই ভাবতে পারেননি গৃহবধূ। ভয়ঙ্কর সেই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বীরভূমের নলহাটিতে।
অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রূপালি লেট। অভিযোগ, সোমবার রাতে দুই সন্তানকে নিয়ে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরেন তাঁর স্বামী দীপঙ্কর লেট। হঠাৎ করেই স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। এরপর আচমকা রূপালির গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন দীপঙ্কর, এমনটাই অভিযোগ পরিবারের।
আগুনে দগ্ধ হয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁদের তৎপরতায় রূপালিকে উদ্ধার করে প্রথমে নলহাটি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর অভিযুক্ত স্বামী দীপঙ্কর লেটকে আটক করেছে নলহাটি থানার পুলিশ। অগ্নিদগ্ধ গৃহবধূর আত্মীয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রূপালি জানিয়েছেন, তাঁর স্বামী প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং ফিরেই অশান্তি করতেন। একাধিকবার তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
ঘটনার বিবরণ দিতে গিয়ে গলা কেঁপে ওঠে রূপালির দুই মেয়ের। তাদের দাবি, মদ খেয়ে এসে বাবা হঠাৎ বলতে শুরু করে, “তুই মরে যা, তুই মরতে পারিস না,” বলেই মায়ের গায়ে কেরোসিন ঢেলে দেন। রূপালির বৌদির অভিযোগ, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা সামনে থাকলেও কেউ আগুন নেভানোর চেষ্টা করেননি। শেষ পর্যন্ত রূপালি নিজেই নিজের গায়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে প্রতিবেশীরাই এসে তাঁকে উদ্ধার করেন।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top