সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বসিরহাট পুলিশের মানবিক উদ্যোগ: দুস্থদের হাতে শীতবস্ত্র ও হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া

সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বসিরহাট পুলিশের মানবিক উদ্যোগ: দুস্থদের হাতে শীতবস্ত্র ও হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর 24 পরগণা – শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন বসিরহাট জেলা পুলিশ মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। সন্দেশখালি থানার চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে থানার অন্তর্গত একাধিক গ্রাম পঞ্চায়েতের ৩৫০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বেড়মজুর ১ ও ২, খুলনা, জেলিয়াখালি, সন্দেশখালি ও কোড়াকাটি গ্রামের মানুষজন। শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার ড. হোসেন মেহেদী রহমান, তার সঙ্গে উপস্থিত ছিলেন মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক, সন্দেশখালি ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার সামন্ত, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলাই ঘোষ এবং অন্যান্য পুলিশ কর্মীরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে শীতের দাপট সবচেয়ে বেশি প্রভাব ফেলে দিনমজুর, বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুদের পরিবারের ওপর। সেই কারণেই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। উপকৃত মানুষজন পুলিশের এই উদ্যোগে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুলিশ সূত্র আরও জানিয়েছে, এদিন ৩৫০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হলেও, সন্দেশখালি থানার মনিপুর, দুর্গামণ্ডপ ও কোড়াকাটি এলাকার আরও ১৫০ জন দুস্থ মানুষের হাতে আগামী দুই-তিন দিনের মধ্যে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে। এদিনের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল, বিগত চার মাস ধরে থানায় জমা পড়া হারানো মোবাইল ফোন ২৬টি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া। নিজের হারানো ফোন ফিরে পেয়ে মানুষজন পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।
মানবিকতা ও পরিষেবার এই যুগল উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বসিরহাট পুলিশ জেলার ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বস্তরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top