বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পওয়ারের, আগুনে ভস্মীভূত বিমান

বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পওয়ারের, আগুনে ভস্মীভূত বিমান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সংবাদসংস্থা পিটিআই এবং অজিতের ঘনিষ্ঠ সহযোগী কিরণ গুজরও এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যান্য সংবাদমাধ্যম ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কে উদ্ধৃত করে জানাচ্ছে, বিমানে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে অজিত পওয়ারের সঙ্গে ছিলেন এনসিপি নেতার দুই নিরাপত্তাকর্মী এবং বিমানকর্মী—একজন পাইলট ও একজন ফার্স্ট অফিসার। প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। অবতরণের সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে এবং দমকল আগুন নেবার চেষ্টা করছে। ঘটনাস্থলে পুলিশও পৌঁছেছে।
এনসিপি সূত্র জানাচ্ছে, জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত। তিনি একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন। বারামতী বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক শিবাজি তওয়ারে জানিয়েছেন, অবতরণের সময় বিমানটি রানওয়ের একদম ধারে চলে যায় এবং এর পরেই বিমানটি ভেঙে পড়ে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। ডিজিসিএ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।
যে এলাকা দুর্ঘটনার স্থান, তা পাহাড় ও জঙ্গলে ঘেরা। প্রাকৃতিক কারণে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত শেষে জানা যাবে। অজিতের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছে। বিমান দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে ফোন করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top