ওয়াশিংটনে ফের ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক, আলোচনার কেন্দ্রে ইরান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি

ওয়াশিংটনে ফের ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক, আলোচনার কেন্দ্রে ইরান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ – গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই বৈঠকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি থেকে শুরু করে শুল্কনীতি— একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল। এবার ফের মুখোমুখি হতে চলেছেন এই দুই নেতা। জানা গিয়েছে, আগামী বুধবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
ইজরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, এই বৈঠকে মূলত ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগই আলোচনার কেন্দ্রে থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
নেতানিয়াহুর দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইজরায়েলি প্রধানমন্ত্রীর মতে, যেকোনও কূটনৈতিক আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি থাকা প্রয়োজন। পাশাপাশি, গোটা অঞ্চলে ইরানের মিত্র দেশ ও গোষ্ঠীগুলির প্রতি সমর্থন বন্ধ করার প্রসঙ্গও আলোচনায় অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে তিনি মনে করেন।
উল্লেখযোগ্যভাবে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই নিয়ে ষষ্ঠবার বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প ও নেতানিয়াহু। দুই দেশের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ১৮ ফেব্রুয়ারি দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হওয়ার কথা ছিল। কিন্তু তার মধ্যেই ইরানের সঙ্গে নতুন করে আমেরিকার আলোচনার সূত্রপাত হয়। এর ফলে বৈঠকের দিন পিছিয়ে যায়। তবে কেন এই পরিবর্তন আনা হল, সে বিষয়ে নেতানিয়াহুর মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি।
উল্লেখ করা যেতে পারে, গত জুন মাসে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও অন্যান্য পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে ইজরায়েলি সামরিক অভিযানে সরাসরি যোগ দেয় আমেরিকা। এটিই ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে প্রত্যক্ষ আমেরিকান সামরিক পদক্ষেপ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকে ইরান ইস্যু নতুন করে গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top