কলকাতায় সুরের জাদু, অনুষ্কা শঙ্করের মঞ্চে অরিজিৎ সিংয়ের অপ্রত্যাশিত যুগলবন্দি

কলকাতায় সুরের জাদু, অনুষ্কা শঙ্করের মঞ্চে অরিজিৎ সিংয়ের অপ্রত্যাশিত যুগলবন্দি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – ৮ ফেব্রুয়ারির সন্ধ্যায় কলকাতা সাক্ষী থাকল সুরের এক বিরল মেলবন্ধনের। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতারশিল্পী অনুষ্কা শঙ্করের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উঠলেন অরিজিৎ সিং। প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এই প্রথম কলকাতায় লাইভ পারফর্ম করলেন তিনি। অনুষ্কা ও অরিজিতের এই অপ্রত্যাশিত যুগলবন্দি শহরের সঙ্গীতপ্রেমীদের জন্য তৈরি করল এক স্মরণীয় সন্ধ্যা।
কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যা অনুষ্কা শঙ্করের সঙ্গীতজীবনের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ইন্ডিয়া টুর’-এর অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল কলকাতার এই অনুষ্ঠান। প্রায় ১২ বছর পর শহরের মঞ্চে ফিরলেন অনুষ্কা। শেষবার ২০১৪ সালে ডোভার লেন মিউজিক কনফারেন্সে পারফর্ম করেছিলেন তিনি। ফলে তাঁর প্রত্যাবর্তন ঘিরে আগেই তুমুল উন্মাদনা তৈরি হয়েছিল।
তবে সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে অরিজিৎ সিংয়ের উপস্থিতি। সম্প্রতি প্লেব্যাক গানের জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করার পর কলকাতায় তাঁর লাইভ পারফরম্যান্স নিয়ে সঙ্গীতপ্রেমীদের কৌতূহল ছিল তুঙ্গে। অনুষ্কার অনুষ্ঠানে অরিজিতের মঞ্চে ওঠার মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাসে ভরে ওঠে অডিটোরিয়াম।
আসলে এই যুগলবন্দির ইঙ্গিত মিলেছিল আগেই। কিছুদিন আগে লন্ডনের টটেনহ্যামে অরিজিৎ সিংয়ের একটি অনুষ্ঠানে প্রায় ২০-২৫ মিনিটের একটি স্লটে সেতার পরিবেশন করেছিলেন অনুষ্কা শঙ্কর। সেই সূত্র ধরেই অনেকেই আন্দাজ করেছিলেন, কলকাতার মঞ্চে হয়তো দেখা যেতে পারে তাঁদের একসঙ্গে। শেষ পর্যন্ত সেই জল্পনাই বাস্তবে রূপ নিল।
৩০ জানুয়ারি হায়দরাবাদ থেকে শুরু হওয়া এই ‘ইন্ডিয়া টুর’ বেঙ্গালুরু, মুম্বই, পুণে ও দিল্লি ঘুরে কলকাতায় এসে পৌঁছয়। প্রতিটি শহরেই অনুষ্কার অনুষ্ঠান নিয়ে ছিল প্রবল আগ্রহ। তবে কলকাতার মঞ্চে অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর এই যুগলবন্দি নিঃসন্দেহে গোটা টুরের অন্যতম হাইলাইট হয়ে রইল।
সন্ধ্যার শেষ মুহূর্ত পর্যন্ত মুগ্ধ হয়ে থাকলেন দর্শকরা। শাস্ত্রীয় সঙ্গীতের গভীরতা আর আধুনিক আবেগের মেলবন্ধনে তৈরি হল এক অনন্য সংগীত-অভিজ্ঞতা, যা দীর্ঘদিন কলকাতার সঙ্গীতপ্রেমীদের স্মৃতিতে রয়ে যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top