বিহারে ‘জঙ্গল রাজ’ ফেরানোর অভিযোগ, দ্বারভাঙায় ছয় বছরের শিশুকে ধর্ষণ-খুনে উত্তাল এলাকা

বিহারে ‘জঙ্গল রাজ’ ফেরানোর অভিযোগ, দ্বারভাঙায় ছয় বছরের শিশুকে ধর্ষণ-খুনে উত্তাল এলাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিহার -;বিহারে জঙ্গল রাজের অবসানের প্রতিশ্রুতি দিয়েই ভোট চেয়েছিল বিজেপি-নীতীশ কুমার জোট। সেই আশ্বাসে ভোট দিলেও নির্বাচনের চার মাস পেরিয়ে বাস্তব চিত্র যে বদলায়নি, তার প্রমাণ মিলল দ্বারভাঙায়। নীতীশ কুমার প্রশাসন যে শিশুদেরও নিরাপত্তা দিতে ব্যর্থ, ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় সেই অভিযোগই সামনে এসেছে। এই ঘটনাকে ঘিরে রবিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দ্বারভাঙা শহর।
ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। দ্বারভাঙার একটি এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় ছয় বছরের ওই শিশু। দীর্ঘ খোঁজাখুঁজির পর শনিবার গভীর রাতে একটি পুকুরের ধারে তার মৃতদেহ উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় এবং ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
রবিবার ভোর রাতে অভিযুক্তকে গ্রেফতার করে দ্বারভাঙা পুলিশ। তবে গ্রেফতারে সন্তুষ্ট হননি এলাকাবাসী। অভিযোগ, শিশুটিকে ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে আরও দুই জন জড়িত ছিল, যারা পালিয়ে যেতে সক্ষম হয়। এই তথ্য আগেই পুলিশের কাছে জানানো হলেও শিশুর প্রাণ বাঁচানো যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।
এরপর অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। তাতেও উত্তেজনা পুরোপুরি না কমায় কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় শেষ পর্যন্ত অভিযুক্তকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় দ্বারভাঙা শহরজুড়ে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়।
এই ঘটনায় ফরেনসিক দল নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। দ্রুত তদন্ত শেষ করে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে দ্বারভাঙা পুলিশ। তবে এই ঘটনার পর বিহারে নারী ও শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে বড় প্রশ্ন উঠেছে। জঙ্গল রাজের অবসানের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও গভীর হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top