দক্ষিন 24 পরগণা -;রবিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় ফাঁকা রাস্তায় ওই ব্যবসায়ীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। আচমকা গুলিবিদ্ধ হন তিনি, পিঠে লাগে গুলি। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনার পিছনে পুরনো শত্রুতার কোনও যোগ রয়েছে কি না, নাকি লুটপাটের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা গুলি চালায়—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছে সোনা ব্যবসায়ীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনায় ক্যানিং ও আশপাশের এলাকায় নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
কারা এই গুলি চালাল এবং ঠিক কোন জায়গায় এই হামলার ঘটনা ঘটেছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। আহত ব্যবসায়ীর কাছ থেকে ইতিমধ্যেই জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা মোটরসাইকেলে এসেছিল নাকি হেঁটে এসে এই কাণ্ড ঘটিয়েছে, সেটিও জানার চেষ্টা করছে তদন্তকারীরা। পারিবারিক বা ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল কি না, সেই দিকটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পিঠে গুলি লাগলেও ওই ব্যবসায়ীর শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে গুলি বের করার উদ্যোগ নিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পিছন দিক থেকেই গুলি চালানো হয়। একটি গুলি নাকি একাধিক গুলি ছোড়া হয়েছিল, তা নিশ্চিত করতে ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে। কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই বিষয়েও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।



















