বিনোদন – মাঘের শেষের নরম বসন্ত হাওয়ায় বুধবার দুপুরে কালীঘাট মন্দির চত্বরে দেখা গেল এক বিশেষ দৃশ্য। হঠাৎই সাজ সাজ রব, আর সেই আবহে লাল শাড়িতে বঙ্গতনয়া রূপে ধরা দিলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর প্রিয় মাসি, অভিনেত্রী দেবশ্রী রায়। ‘মর্দানি ৩’-এর সাফল্যের পর ভক্তিভরে মায়ের আশীর্বাদ নিতেই কলকাতায় এসেছেন রানি।
এদিন সকালে মুম্বই বিমানবন্দরে শাড়ি ও সিঁদুরে রানিকে দেখেই জল্পনা শুরু হয়েছিল। বেলা গড়াতেই দেখা যায়, চেক কাটা লাল শাড়ি ও চোখে রোদচশমা পরে মাসির হাত ধরে কালীঘাট মন্দিরে প্রবেশ করছেন তিনি। অন্যদিকে দেবশ্রী রায় সেজেছিলেন চিরন্তন লালপাড় সাদা গরদ শাড়িতে। দুই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেত্রীকে একসঙ্গে দেখে অনুরাগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
কেরিয়ারের তিন দশক পূর্তি উপলক্ষে মুক্তি পাওয়া ‘মর্দানি ৩’-এ নারীপাচার ও নির্যাতনের বিরুদ্ধে শিবানী শিবাজী রাওয়ের লড়াই আবারও দর্শকদের মন জয় করেছে। বক্স অফিসে বড় বাজেটের ছবির ভিড়েও সামাজিক বার্তা ও শক্তিশালী অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছে রানির এই ছবি। সেই সাফল্যের আবহেই শিকড়ের টানে কলকাতায় এসে কালীঘাটে পুজো দিলেন অভিনেত্রী।
রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের আপন বোন দেবশ্রী রায়। প্রতি বছর দুর্গাপুজোয় মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজোয় রানির উপস্থিতি ও নিষ্ঠা সকলেরই জানা। এবার কাজের ফাঁকে মামাবাড়ির শহরে কিছুটা সময় কাটাতে চেয়েছেন তিনি। দেবশ্রীর সঙ্গে গল্পে মশগুল রানিকে দেখে স্পষ্ট, গ্ল্যামারের বাইরেও পারিবারিক সম্পর্ক তাঁর কাছে অত্যন্ত মূল্যবান।
পুজো সেরে বেরিয়ে হাসিমুখে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান রানি। বুধবারের কালীঘাট সাক্ষী থাকল এক ঘরোয়া ও মায়াবী মুহূর্তের, যেখানে সুপারস্টার পরিচয়ের বাইরে ঘরের মেয়ে হিসেবেই ধরা দিলেন বলিউডের রানি মুখোপাধ্যায়।




















