নির্মলা সীতারামনের তোপ, বাংলার ‘বম্ব কালচার’ মন্তব্যে তৃণমূলের প্রতিক্রিয়া

নির্মলা সীতারামনের তোপ, বাংলার ‘বম্ব কালচার’ মন্তব্যে তৃণমূলের প্রতিক্রিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বাংলা এক সময়ে দেশের সাংস্কৃতিক রাজধানী হলেও বর্তমানে সেখানে ‘বম্ব কালচার’ চলছে—এমনই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার লোকসভায় GST নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী নির্যাতনের অভিযোগ এবং দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ধর্ষণের ঘটনা তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেটে কোনও রাজ্যের সঙ্গে বঞ্চনা করা হয়নি।
গত মঙ্গলবার বাজেট আলোচনা চলাকালীন কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, “জন্ম থেকে মৃত্যু, মানুষের গোটা জীবনটাই ট্যাক্সের ফাঁদে আটকে।” বর্তমানে ধূপের উপর ৫ শতাংশ GST আরোপিত হয়। এই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “মৃত্যুর পর শোকসভায় ধূপ জ্বালাতেও পরিবারকে ট্যাক্স দিতে হয়।” নির্মলা বুধবার সরাসরি GST হার নিয়ে মন্তব্য না করলেও অভিষেকের মন্তব্যকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে কটাক্ষ করেন, “মৃত্যুর পরেও GST, খুবই দুঃখের কথা। কিন্তু বাংলায় তো মৃত্যুর পর কাটমানি নেওয়াটাই স্বাভাবিক।”
এরপরই তিনি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে তোপ দাগেন। নির্মলার কথায়, “বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। গোটা রাজ্যেই বম্ব কালচার চলছে।” নারী নির্যাতনের প্রসঙ্গে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ঘটনা তুলে তিনি বলেন, রাতে বাইরে বের হলে ধর্ষণের আশঙ্কা রয়েছে—যা একজন মহিলা মুখ্যমন্ত্রীর মুখে হাস্যকর ও অপমানজনক।
তবে নির্মলার সব অভিযোগই খারিজ করেছে তৃণমূল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের কোনও সদুত্তর নেই। তাই সংসদে দাঁড়িয়ে অসত্য বলা হচ্ছে।” তিনি আরও দাবি করেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান-এর মতো বিজেপি-শাসিত রাজ্যের তুলনায় বাংলায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা কম। কলকাতাকেও দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রসঙ্গ টেনে জয়প্রকাশ বলেন, “তিনি বিজেপির মন্ত্রী ছিলেন, কিন্তু এভাবে অসত্য বলতেন না।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top