রাজ্য – মাসির ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বইয়ের হাসপাতালে থাকার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ করতে পারেননি আফ্রিদা খাতুন। তবে বছর নষ্ট করতে রাজি নয় তিনি। পরীক্ষা শুরুর মাত্র দু’দিন আগে একটি তৃণমূল নেতার মাধ্যমে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যবস্থা করার আবেদন জানান। এরপর সাংসদের উদ্যোগ ও উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তৎপরতায় শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারছেন আফ্রিদা।
আফ্রিদা খাতুন ডায়মন্ডহারবার বিধানসভার নেতড়া গ্রামের বাসিন্দা। বাবা নুরুল হুদা মণ্ডল মারা গেছেন। নেতড়া হাইস্কুল থেকে এবার তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। তাঁর পরীক্ষাকেন্দ্র ডায়মন্ডহারবার গার্লস স্কুল। ফর্ম পূরণ না করতে পারায় পরীক্ষায় বসার বিষয়টি নিয়ে পরিবারের ও স্কুল শিক্ষকদের মধ্যে যথেষ্ট সংশয় ছিল।
কারণ, সেই সময় ক্যানসার আক্রান্ত মাসি কাশ্মীরা বিবিকে নিয়ে আফ্রিদা মুম্বইয়ের হাসপাতালে ছিলেন। মঙ্গলবার বাড়িতে ফেরার পর তিনি স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন এবং পরীক্ষা দিতে চাওয়ার কথা জানান। ডায়মন্ডহারবার বিধানসভার পর্যবেক্ষক শামিম আহমেদ বিষয়টি তৎক্ষণাৎ সাংসদকে জানান। অবিলম্বে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও উচ্চ মাধ্যমিক কাউন্সিলের সহযোগিতায় আফ্রিদাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়।




















