কলকাতা – ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে কলকাতার ইকো পার্কে শুরু হয়েছে ঝিলে আলোকসজ্জিত মিনি ক্রুজ। ঝিলের জলে ভাসমান ছোট নৌকাগুলি রঙিন এলইডি আলোয় সজ্জিত করা হয়েছে, যা সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শহরের কোলাহল ছাপিয়ে এক টুকরো বিদেশি পরিবেশের স্বাদ দেয়। এই ক্রুজে যুগলরা হাত ধরে নৌকায় ভাসতে পারে, জলের বুকে ছবি তুলতে পারে এবং আলোয় মোড়া মুহূর্তে ভালোবাসার অনুভূতি ভাগ করে নিতে পারে।
পর্যটক ও তরুণ-তরুণীরা ক্রুজ ভ্রমণকে নিয়ে বলেছেন, “কলকাতায় বসে এমন অনুভূতি পাওয়া যাবে ভাবিনি। সিঙ্গাপুরের মতো না হলেও পরিবেশ সত্যিই মন ছুঁয়ে যায়।” ইকো পার্ক কর্তৃপক্ষ জানায়, মাত্র মাথাপিছু ১৫০ টাকায় ডবলডেকার ক্রুজ উপভোগ করা যাচ্ছে। বিকেলের দিকে ক্রুজে চড়ার জন্য ভিড় বাড়ছে এবং ভবিষ্যতে আরও আকর্ষণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ভ্যালেন্টাইনস ডে-তে শহরের মধ্যেই রোম্যান্স ও বিদেশি ক্রুজের অভিজ্ঞতা খুঁজছেন যারা, তাদের জন্য ইকো পার্কের মিনি ক্রুজ হয়ে উঠেছে কলকাতার নতুন হট ফেভারিট গন্তব্য।



















