রাজ্য – রবিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে বেকার ভাতার ক্যাম্প। আগামী ১ এপ্রিল চালু হতে চলেছে ‘যুবসাথী প্রকল্প’। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের মধ্যে আবেদনের জন্য ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। ১১ দিনের বিশেষ শিবিরে রবিবার থেকেই লম্বা লাইন পড়েছে কলকাতা, মালদহ, শিলিগুড়ি সহ একাধিক জেলায়। অনেকের মনে প্রশ্ন উঠেছে, ডিজিটাল যুগে কেন শুধুমাত্র অফলাইনে আবেদন করতে হবে? তবে এখন থেকে অনলাইনেও ফর্ম পূরণ করা যাচ্ছে।
অনলাইনে আবেদন করতে হলে প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স ব্রাউজার খুলে https://apas.wb.gov.in/ ঠিকানায় প্রবেশ করতে হবে। সেখানে ‘Click to Apply’ অপশনে ক্লিক করলে একটি নতুন উইন্ডো খুলবে এবং আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।
আবেদন করার আগে প্রয়োজনীয় সমস্ত নথি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে। প্রতিটি ডকুমেন্টের সাইজ ২ এমবি-র মধ্যে হতে হবে। তবে ছবি ও সইয়ের ফাইল সাইজ ১ এমবি-র ভিতরে রাখতে হবে, নইলে আপলোড করা যাবে না। নির্দিষ্ট ফরম্যাট ও সাইজ মেনে নথি প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এরপর আবেদনকারীর সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দেওয়ার পর একটি ক্যাপচা পূরণ করতে হবে। সঠিকভাবে ক্যাপচা পূরণ করলে ওটিপি আসবে। সেই ওটিপি প্রবেশ করালে লগ-ইন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
লগ-ইন করার পর আবেদন ফর্মটি স্ক্রিনে দেখা যাবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর নির্দিষ্ট সাইজে সংরক্ষিত নথিগুলি আপলোড করতে হবে। সব নথি আপলোডের পর নীচে থাকা লাল রঙের ‘Save Document’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর একটি নতুন উইন্ডো খুলবে যেখানে সেল্ফ ডিক্লারেশনের অপশন থাকবে। সেখানে টিক চিহ্ন দিয়ে ‘Final Submit’ বাটনে ক্লিক করতে হবে। আবেদন প্রক্রিয়া সফল হলে একটি অ্যাপ্লিকেশন নম্বর দেখা যাবে। ভবিষ্যতের জন্য সেটি অবশ্যই নোট করে রাখা উচিত। পাশাপাশি লগ-ইন সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে রাখা জরুরি।
শেষে সম্পূর্ণ আবেদনপত্রটি ডাউনলোড করে রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহার করা যায়।




















