বিদেশ – তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ভারতে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে তাঁর বিমান মুম্বইয়ে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। এই সফরকে ঘিরে কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে, কারণ বহুদিনের আলোচনায় থাকা ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সফরেই চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
সফরের দ্বিতীয় দিনে মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ম্যাক্রোঁ। আলোচনার মূল বিষয়গুলির মধ্যে রয়েছে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ উপস্থিতি জোরদার করা এবং প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির অগ্রগতি পর্যালোচনা। বুধবার তিনি নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে দুই দেশের যৌথ গবেষণা, প্রযুক্তি বিনিময় ও বিনিয়োগ নিয়েও বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রস্তাবিত প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকার রাফালে যুদ্ধবিমান চুক্তি। প্রশাসনিক সূত্রের ইঙ্গিত, চুক্তি সই হলে ফ্রান্স থেকে ১১৪টি নতুন রাফালে যুদ্ধবিমান কিনতে পারে ভারত। স্বাধীনতার পর এটিই দেশের অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি হিসেবে বিবেচিত হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ১১৪টির মধ্যে ১৮টি সরাসরি ফ্রান্স থেকে সরবরাহ করা হবে এবং বাকি বিমানগুলি ভারতে নির্মাণ করা হবে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে।
প্রথম পর্যায়ে ভারতে নির্মিত রাফালে যুদ্ধবিমানে অন্তত ৩০ শতাংশ দেশীয় যন্ত্রাংশ ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে সেই হার ৬০ শতাংশে উন্নীত করার প্রস্তাবও রয়েছে মূল্যায়ন কমিটির প্রতিবেদনে। এই উদ্যোগ কেন্দ্র সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উৎপাদন প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি সংস্থার অংশগ্রহণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে, যাতে দেশীয় প্রতিরক্ষা শিল্প আরও শক্ত ভিত পায়।
উল্লেখ্য, এক দশক আগে ফরাসি সংস্থা Dassault Aviation-এর সঙ্গে চুক্তি অনুযায়ী ভারত ৩৬টি রাফালে যুদ্ধবিমান পেয়েছিল। যদিও ভারতীয় বায়ুসেনার প্রাথমিক চাহিদা ছিল ১২৬টি বিমান। ইতিমধ্যেই পুরনো মিগ-২১ ও মিগ-২৩ ধাপে ধাপে বাতিল হওয়ায় স্কোয়াড্রন সংখ্যায় ঘাটতি তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা Hindustan Aeronautics Limited-এর তৈরি তেজস মার্ক-১এ যুক্ত হলেও সেই ঘাটতি পুরোপুরি মেটেনি। এই প্রেক্ষাপটে মোদি-ম্যাক্রোঁ বৈঠকেই বহু প্রতীক্ষিত রাফালে চুক্তির চূড়ান্ত রূপ সামনে আসতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা।




















