ভাইরাল – শিবরাত্রি উপলক্ষে এক অদ্ভুত কাণ্ডের ভিডিয়ো ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মাঝবয়সি যুবককে গলা অবধি মাটিতে পুঁতে রাখা হয়েছে। শুধু মাথাটুকু মাটির উপর দৃশ্যমান। তাঁর সামনে দাঁড়িয়ে এক মহিলা ফুল ও দুধ দিয়ে পুজো করছেন। দাবি করা হচ্ছে, তাঁরা স্বামী-স্ত্রী এবং শিবরাত্রি উপলক্ষে স্ত্রী এই বিশেষ আচার পালন করেছেন।
ভিডিয়োয় দেখা যায়, প্রথমে যুবকের মাথায় ফুল অর্পণ করেন ওই মহিলা। এরপর তাঁর মাথায় দুধ ঢালেন এবং শিবস্তোত্র পাঠ করতে শোনা যায় তাঁকে। পুরো সময়টায় যুবককে সম্পূর্ণ নির্বিকার অবস্থায় থাকতে দেখা যায়। তিনি কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকেন।
তবে ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ফলে বিষয়টির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, এটি হয়তো শুধুই সোশ্যাল মিডিয়ার জন্য বানানো একটি কনটেন্ট বা ‘রিল’।
ভাইরাল ক্লিপটি পোস্ট করা হয়েছে ‘Ghanta’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে পোস্টটি।
নেটাগরিকদের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ লিখেছেন, “এ কেমন পুজো!” আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, “স্বামী ভাবছেন কোথায় ফেঁসে গেলাম, কিন্তু পালাবার উপায় নেই।” অন্যদিকে একাংশের প্রশ্ন, পুরো ঘটনাই কি সাজানো? ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই কি এমন দৃশ্য নির্মাণ করা হয়েছে?
ঘটনার সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে অদ্ভুত এই ভিডিয়ো যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে, তা বলাই বাহুল্য।




















