ভাইরাল – স্থানীয় এক তরুণীকে নদীতে টেনে নিয়ে গিয়েছিল বিশাল আকৃতির কুমির। পরে মৃতদেহ নিয়ে আবার ভেসে উঠতেই ভয়ঙ্কর প্রাণীটিকে লক্ষ্য করে গুলি চালালেন গ্রামবাসীরা। শেষ পর্যন্ত কুমিরটিকে মেরে ফেলা হয়। এরপর মৃত কুমিরকে ঘিরে উল্লাসে মেতে ওঠেন স্থানীয়রা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে Indonesia-তে। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, Aceh Province-এ এই মর্মান্তিক ঘটনা ঘটে। গত রবিবার লুয়ান বোয়া নদীতে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে নেমেছিলেন জুস্মিতাওয়াতি নামে ৩৬ বছর বয়সি এক তরুণী। নদীর ঘোলা জলে আচমকাই প্রায় ১৯ ফুট লম্বা একটি কুমির তাঁকে আক্রমণ করে এবং টেনে জলের নীচে নিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না মেলায় বন্ধুরা গ্রামবাসীদের খবর দেন। পরের দিনও তল্লাশি অভিযান চলতে থাকে।
সোমবার নদীতে তরুণীর দেহ ভেসে উঠতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। লাঠি ও বন্দুক হাতে ঘটনাস্থলে জড়ো হন গ্রামবাসীরা। অভিযোগ, কুমিরটি মৃতদেহের কাছাকাছি আসতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো শুরু হয়। কেউ লাঠি দিয়ে আঘাতও করেন। কয়েক কিলোমিটার দূরে আধমরা অবস্থায় কুমিরটিকে ধরে ফেলা হয় এবং পরে সেটিকে হত্যা করা হয়। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
স্থানীয় কাউন্সিলের চেয়ারম্যান রাসমানুদ্দিন রাহামিন জানিয়েছেন, কুমিরটি প্রায় ১৯ ফুট লম্বা এবং সাড়ে তিন ফুট চওড়া ছিল। প্রাণীটিকে মারার পর তার দেহের ভিতর থেকে তরুণীর দেহাবশেষ ও পোশাক উদ্ধার হয়েছে বলে দাবি। স্থানীয় পুলিশপ্রধান জয়ানুর ফৌজি বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া নদীতে নামা অত্যন্ত বিপজ্জনক।
ঘটনার ভিডিয়োটি ‘সিএমএনএস_মিডিয়া’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে পোস্টটি। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউ আবার উদ্বেগ ও আতঙ্কের কথা জানিয়েছেন। ভয়াবহ এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে।




















