উত্তর কলকাতার পলিটেকনিকে র‍্যাগিং অভিযোগ, ইউজিসি হেল্পলাইনে অভিযোগের পর পুলিশের মামলা

উত্তর কলকাতার পলিটেকনিকে র‍্যাগিং অভিযোগ, ইউজিসি হেল্পলাইনে অভিযোগের পর পুলিশের মামলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – উত্তর কলকাতার একটি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের এক ছাত্র অভিযোগ করেছেন, কলেজ চত্বরে তাঁকে ঘিরে ধরে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্র র‍্যাগিং করেছেন। আতঙ্কিত হয়ে ওই ছাত্র সরাসরি University Grants Commission-এর অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইনে অভিযোগ জানান।
অভিযোগ পাওয়ার পর ইউজিসির তরফে উত্তর কলকাতার সংশ্লিষ্ট পলিটেকনিক কলেজের অধ্যক্ষকে ই-মেল করে বিষয়টি জানানো হয়। এরপর কলেজ কর্তৃপক্ষ কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে পুলিশ র‍্যাগিং বিরোধী আইন, হুমকি, হেনস্তা এবং সমান অভিপ্রায়ে অপরাধের ধারায় মামলা রুজু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ওই ছাত্র অভিযোগে জানিয়েছেন, ক্লাস শুরু হওয়ার পরই তাঁকে ঘিরে ধরে কয়েকজন সিনিয়র ছাত্র। জোর করে পুশআপ ও ওঠবোস করানো হয়। প্রতিবাদ করলে তাঁকে হুমকি দেওয়া হয় এবং মৌখিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ। এই মানসিক চাপে পড়েই তিনি হেল্পলাইনে অভিযোগ জানান।
অভিযোগের ভিত্তিতে পুলিশ কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। অভিযোগকারী ছাত্র নিজের পরিচয় প্রকাশ না করায় তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদেরও চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top