বিদেশ – গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনের লক্ষ্য সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা করেছেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি বিশ্বের বিভিন্ন দেশকে এক ছাতার তলায় এনে গাজার পুনর্নির্মাণে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের দাবি, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই গাজায় স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব।
তবে এই ঘোষণার পরই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা ও বিতর্ক। একাধিক কূটনৈতিক সূত্রের দাবি, ‘বোর্ড অব পিস’-এর আড়ালে ভিন্ন এক কৌশল লুকিয়ে রয়েছে। অভিযোগ উঠেছে, গাজার পুনর্গঠনের পরিকল্পনার পাশাপাশি ওই অঞ্চলে একটি বৃহৎ সামরিক ঘাঁটি নির্মাণের গোপন ছক কষছে ট্রাম্প প্রশাসন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত হোয়াইট হাউসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজার মতো স্পর্শকাতর অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর যে কোনও পরিকল্পনা পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। ফলে ‘শান্তি পরিষদ’-এর প্রকৃত উদ্দেশ্য কী—তা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী দিনে এই ইস্যু কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর বিশ্বের।



















