রাজ্য- আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের ১০টি রাজ্যের ৩৭টি আসনে ভোটগ্রহণ হবে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনও। বিজ্ঞপ্তি জারি হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জোর জল্পনা—কাদের নাম উঠতে পারে শাসকদলের প্রার্থী তালিকায়। সেই জল্পনার মাঝেই সামনে এল এক চমকপ্রদ নাম। শোনা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক-কে।
প্রায় ২২ বছরের দীর্ঘ কেরিয়ারে কোয়েল নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় মুখ হিসেবে। এতদিন রাজনীতির সরাসরি ময়দান থেকে দূরেই ছিলেন তিনি। কোনও নির্বাচনে প্রার্থী হওয়া তো দূরের কথা, প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান নিতেও দেখা যায়নি তাঁকে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর স্নেহধন্যা বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন তিনি। তাঁর একাধিক সহকর্মী লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু কোয়েল বরাবরই অভিনয় জগতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। এবার সরাসরি ভোটে না লড়েও কার্যত রাজ্যসভার সাংসদ হওয়ার পথে হাঁটছেন তিনি।
প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেক অনুরাগী হতাশা প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, এতদিন যে শ্রদ্ধা ছিল, তা নষ্ট হয়ে গেল। কেউ আবার ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, আর তাঁর সিনেমা দেখবেন না। তবে সমালোচনার পাশাপাশি শুভেচ্ছাবার্তাও কম আসেনি। অনেকেই মনে করছেন, জনজীবনের বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ পেলে কোয়েল নিজেকে নতুনভাবে প্রমাণ করতে পারবেন।
কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কর্মসূচির প্রসঙ্গে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক-এর বাড়িতে। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল, তবে কি রাজনীতিতে আসছেন রঞ্জিত বা কোয়েল? যদিও তখন স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। ২০২১ সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবক হিসেবে উপস্থিত ছিলেন কোয়েলের স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানে। মনোনয়ন জমা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ‘অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী’ হিসেবে। সেই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনাই যেন বাস্তবের রূপ পেল রাজ্যসভা নির্বাচনের প্রাক্কালে।




















