বারাকপুর-বারাসত রাস্তায় চার লেনের পরিকল্পনা, যানজট কমাতে ২০ কোটির প্রকল্প

বারাকপুর-বারাসত রাস্তায় চার লেনের পরিকল্পনা, যানজট কমাতে ২০ কোটির প্রকল্প

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর 24 পরগণা – দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল রাজ্যের পূর্ত দফতর। বারাকপুর-বারাসত সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি চার লেনে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এই প্রকল্পের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার জারি হয়েছে এবং খুব শীঘ্রই নির্মাণকাজ শুরু হবে।
সম্প্রতি পূর্ত দফতর, কেএমডিএ, বিদ্যুৎ দফতর ও পুরসভার ইঞ্জিনিয়াররা যৌথভাবে এলাকা পরিদর্শন করেন। প্রথম ধাপে রাস্তার দু’পাশে নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি বিদ্যুতের খুঁটি সরানো এবং ভূগর্ভস্থ পাইপলাইন স্থানান্তরের কাজও করা হবে। এই প্রাথমিক পর্যায়ের জন্য প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। পুরো প্রকল্প শেষ করতে খরচ ধরা হয়েছে ২০ কোটি টাকা এবং আগামী এক বছরের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে প্রশাসন।
প্রতিদিন অফিস টাইমে এই রাস্তায় চরম যানজটের মুখে পড়তে হয় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে মসজিদ মোড়, নোনাচন্দনপুকুর বাজার, বটতলা মোড় ও জাফরপুর মোড় এলাকায় সকাল ও সন্ধ্যায় দীর্ঘ যানবাহনের লাইন লেগে থাকে। ফলে বহুদিন ধরেই রাস্তাটি চওড়া করার দাবি উঠছিল স্থানীয়দের তরফে।
রাস্তাটি সম্প্রসারণের দাবিতে স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী পূর্তমন্ত্রী পুলক রায়-এর কাছে আবেদন জানান। বিদ্যুতের খুঁটি সরানোর জটিলতা কাটাতে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস-এর সঙ্গেও বৈঠক করেন তিনি। শেষ পর্যন্ত বিদ্যুৎ দফতর খুঁটি অপসারণে সম্মতি দিয়েছে এবং এর ব্যয়ভার বহন করবে পূর্ত দফতর।
বিধায়ক রাজ চক্রবর্তীর বক্তব্য, বারাকপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। সাময়িক কিছু অসুবিধা হলেও কাজ শেষ হলে এই সড়কের চেহারা বদলে যাবে। প্রশাসনের আশা, চার লেনের রাস্তা চালু হলে যানজট অনেকটাই কমবে এবং বারাকপুর-বারাসত যাতায়াত আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top