কলকাতা – দোল উৎসবের দিন শহরে শৃঙ্খলাভঙ্গ ও নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাঘুরির অভিযোগে মোট ৩৫০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতার ১০টি ডিভিশন জুড়েই বিশেষ অভিযান চালানো হয়। একইসঙ্গে শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
উৎসবের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে গোটা শহরজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল। গুরুত্ব অনুযায়ী ছোট ও বড় মিলিয়ে মোট ৩৯৮টি পুলিশ পিকেট বসানো হয়। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকাকে চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়।
খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এবং শ্যামবাজার-সহ মোট ৮৬টি স্পর্শকাতর এলাকায় বিশেষ পিকেট মোতায়েন ছিল। ওই সব জায়গায় ছয় জন করে পুলিশকর্মী দায়িত্বে ছিলেন। বাকি ৩১২টি পিকেটে তিন জন করে পুলিশকর্মী মোতায়েন করা হয়। পাশাপাশি টহলদারি গাড়ি ও মোবাইল প্যাট্রোলিংও জোরদার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
শান্তিপূর্ণভাবে দোল উদযাপন নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলেও দাবি লালবাজারের।



















