রাজ্য – সকাল থেকেই কলকাতার আকাশ মুখভার। এখনও পর্যন্ত শহরে রোদ দেখা যায়নি। আকাশে কালো মেঘের ছায়া বিরাজ করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়াও বইতে পারে। রাজ্যের একাধিক জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা গরম বজায় থাকবে। খবর অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত একইরকম আবহাওয়া জারি থাকবে।
কলকাতা-সহ গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। কিছু জেলায় তা ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বীরভূম, বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি বেশি হবে এবং দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবাহিত হচ্ছে। তাপমাত্রার ওঠানামার কারণে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ আরও ঘন হতে পারে। উত্তরবঙ্গে পশ্চিম থেকে ঝঞ্ঝা প্রবেশের প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেড়েছে।
কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৬ শতাংশ, যা ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় রাখবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন এমনই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।



















