রাজ্য – পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করেছেন অবজারভাররা, যারা কার্যত কমিশনের ‘চোখ ও কান’ হিসেবে প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করবেন। প্রতিটি কেন্দ্রে একজন করে জেনারেল অবজারভার থাকবেন। এছাড়া রাজ্যে ৮৪ জন পুলিশ অবজারভার এবং ১০০ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক দায়িত্বে থাকছেন। সব মিলিয়ে ৪৭৮ জন অবজারভার পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া নজরে রাখবেন।
শুধু বাংলাই নয়, দেশের মোট পাঁচটি অঞ্চলে—চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে—ভোট পরিচালনার জন্য ২৫ লক্ষের বেশি কর্মী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ৮৩২টি বিধানসভা কেন্দ্রে মোট ১,১১১ জন পর্যবেক্ষক কাজ করবেন। বিশেষ করে সংবেদনশীল জেলাগুলো—মালদা, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় প্রতি তিন থেকে চারটি কেন্দ্রের জন্য একজন পুলিশ অবজারভার দায়িত্বে থাকবেন। কলকাতার উত্তরাঞ্চলের সাতটি কেন্দ্রে তিনজন এবং দক্ষিণাঞ্চলের চারটি কেন্দ্রে একজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
অবজারভারদের ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলায় পৌঁছে কাজ শুরু করতে বলা হয়েছে। ভোটের বিজ্ঞপ্তি জারি না হলেও আগেভাগে এই নজরদারি চালু করা হয়েছে, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনও অনিয়ম বা অসংগতি না ঘটে। পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন দুই ধাপে অনুষ্ঠিত হবে—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে।
এভাবেই নির্বাচন কমিশন-র কড়া নজরদারি ভোটের আগে পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল।




















