উত্তর 24 পরগণা – ভোটের আগেই নতুন মোড় নিল বনগাঁ দক্ষিণের রাজনীতি। তৃণমূল প্রার্থী Rituparna Adhya-র বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে নির্বাচনে দাঁড়ানোর অভিযোগ তুলে Swapan Majumder কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুধু আদালতেই নয়, Election Commission of India-এর কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এবং তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন।
বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের অভিযোগ, অবৈধভাবে এসসি শংসাপত্র জোগাড় করেছেন ঋতুপর্ণা আঢ্য। তাঁর দাবি, তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) পাওয়া তথ্য অনুযায়ী, আগে ঋতুপর্ণার বাবা-মা ভোটে দাঁড়ানোর সময় জেনারেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন। কিন্তু এবার মহকুমা শাসককে প্রভাবিত করে অল্প সময়ের মধ্যেই মেয়ের জন্য নতুন শংসাপত্র জোগাড় করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এই প্রসঙ্গে অতীত দুর্নীতির অভিযোগও সামনে এনেছেন স্বপন মজুমদার। তাঁর দাবি, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বনগাঁ পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন জোৎস্না আঢ্য ও Shankar Adhya প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং জল প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। সেই প্রেক্ষিতেই বর্তমান অভিযোগের গুরুত্ব বাড়ছে বলে দাবি বিজেপি প্রার্থীর।
যদিও সমস্ত অভিযোগই খারিজ করে দিয়েছেন শঙ্কর আঢ্য। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে রাজনীতিতে থাকা সত্ত্বেও এতদিন কোনও অভিযোগ তোলেননি স্বপন মজুমদার। এখন ভোটের মুখে, যখন জনসমর্থন তৃণমূল প্রার্থীর দিকে ঝুঁকছে, তখনই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ তোলা হচ্ছে। তিনি বলেন, মানুষের দৃষ্টি ঘোরাতে এবং প্রার্থীকে কালিমালিপ্ত করতেই এই চক্রান্ত করা হচ্ছে। পাশাপাশি আইনের প্রতি পূর্ণ আস্থা রাখার কথাও জানান তিনি।
বনগাঁ দক্ষিণে বিজেপি ও তৃণমূলের মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হওয়া এবং পাল্টা রাজনৈতিক অভিযোগে নির্বাচনের আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।



















