ভাইরাল – মধ্যপ্রদেশের Rewa-র একটি সরকারি স্কুলের ভাইরাল ভিডিয়ো ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক শিক্ষিকা চেয়ারে বসে ইয়ারফোন কানে দিয়ে গল্পে মশগুল, আর পাশে দাঁড়িয়ে থাকা এক ছাত্র হাতপাখা নেড়ে তাঁকে হাওয়া করছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।
ভাইরাল সেই দৃশ্যে দেখা যায়, শিক্ষিকার সামনে টেবিলে খাতা রাখা থাকলেও তিনি তাতে খুব বেশি মনোযোগ দিচ্ছেন না। অধিকাংশ সময়ই তিনি অন্য কাজে ব্যস্ত। এদিকে, স্কুলের ইউনিফর্ম পরা এক কিশোর নিরন্তর হাতপাখা নেড়ে তাঁকে হাওয়া করছে। মাঝে মাঝে হাত বদল করে ক্লান্তি সামলানোর চেষ্টা করলেও থামার সুযোগ পাচ্ছে না সে। তার মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ ধরা পড়েছে।
ভিডিয়োর একাংশে দেখা যায়, শিক্ষিকা খাতা দেখার কাজ শেষ হলে সেই ছাত্রের হাতেই খাতা দিয়ে পাঠিয়ে দেন। পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকেই এই আচরণকে ‘অমানবিক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
একাধিক ব্যবহারকারী মন্তব্য করেছেন, শিক্ষিকার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। যদিও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের প্রতি আচরণ ও দায়িত্ববোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।



















