রাজ্য – ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বড়সড় জয় পেয়েছে বিজেপি। জনতার ক্ষোভে কার্যত ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেস। বিপুল সংখ্যক আসন দখল করে সরকার গঠনের পথে গেরুয়া শিবির। আগামী ৯ মে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দিনই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই অনুষ্ঠান ঘিরেই এখন রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা—কারা থাকছেন বিজেপির নতুন মন্ত্রিসভায়?
মুখ্যমন্ত্রীর দৌড়ে একাধিক নাম উঠে এলেও সবথেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকেই জয় তুলে এনে তিনি নিজের রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়েছেন। বিশেষ করে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে হারানো তাঁর রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
তবে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য মুখ হিসেবে আরও কয়েকজনের নামও আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, উৎপল ব্রহ্মচারী এবং স্বপন দাশগুপ্ত। দলীয় সূত্রে খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরেই।
এদিকে সম্ভাব্য মন্ত্রিসভার তালিকাতেও উঠে আসছে একাধিক পরিচিত নাম। অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায় এবং ইন্দ্রনীল খাঁ-র নাম নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। পাশাপাশি দিলীপ ঘোষ, দীপাঞ্জন চক্রবর্তী, জুয়েল মুর্মু, নমন রাই, দীপক বর্মন, বঙ্কিম ঘোষ, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, সুব্রত ঠাকুর, রথীন্দ্রনাথ বসু এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামও সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, বিধানসভার স্পিকার পদে তাপস রায়ের নাম বিবেচনা করা হতে পারে। এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের নামও মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় ঘুরছে। যদিও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি বিজেপি। রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী শেষ মুহূর্তে তালিকায় পরিবর্তনও হতে পারে বলে মনে করা হচ্ছে।
নতুন সরকার গঠনকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। ৯ মে শপথগ্রহণ মঞ্চে কারা নতুন দায়িত্ব পান, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।




















