দেশ – পেট্রল, ডিজেল এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) রপ্তানির উপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশোধিত শুল্কহার ১ জুন থেকে কার্যকর হবে। তবে দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়া পেট্রল ও ডিজেলের উপর আবগারি শুল্কে আপাতত কোনও পরিবর্তন আনা হচ্ছে না।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রল রপ্তানির উপর আরোপিত শুল্ক লিটার প্রতি ৩ টাকা থেকে কমিয়ে ১.৫ টাকা করা হয়েছে। একইভাবে ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি ১৬.৫ টাকা থেকে কমিয়ে ১৩.৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফের রপ্তানি শুল্কও উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। আগে যেখানে লিটার প্রতি ১৬ টাকা শুল্ক ধার্য ছিল, তা কমিয়ে ৯.৫ টাকা করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সংশোধিত এই শুল্কহার রবিবার থেকেই কার্যকর হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, পেট্রল, ডিজেল এবং এটিএফের গড় মূল্য প্রতি দু’সপ্তাহ অন্তর পর্যালোচনা করা হয়। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানির দাম কিছুটা কমেছে। সেই কারণেই রপ্তানি শুল্কে কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে কিছুদিন আগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছিল। সেই সময় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলায় গত ২৭ মার্চ পেট্রল, ডিজেল এবং এটিএফ রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক আরোপ করেছিল কেন্দ্রীয় সরকার।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় এবং সরবরাহ সংক্রান্ত উদ্বেগ কমে আসায় কেন্দ্র রপ্তানি শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ জ্বালানি রপ্তানিকারক সংস্থাগুলিকে কিছুটা স্বস্তি দিতে পারে।



















