রাজ্য – লিওনেল মেসিকে ঘিরে আয়োজিত ‘গোট’ ইভেন্ট সংক্রান্ত বিতর্কে আরও চাপ বাড়ল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপর। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে আগামী ৪ জুন তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
গত ১৭ মে ‘গোট’ কনসার্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং মেসির ইভেন্টে নিরাপত্তা সংক্রান্ত গাফিলতির মতো গুরুতর অভিযোগ আনা হয়।
শতদ্রু দত্তের দাবি, মেসির অনুষ্ঠানের প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করা হয়েছিল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে অরূপ বিশ্বাস অনুষ্ঠানে মেসির খুব কাছাকাছি পৌঁছে যান এবং বিনা অনুমতিতে তাঁর সংস্পর্শেও আসেন। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের তদন্তে অগ্রগতি হিসেবেই এবার প্রাক্তন মন্ত্রীকে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
অরূপ বিশ্বাসকে পুলিশি তলবের খবরে প্রতিক্রিয়া জানিয়ে শতদ্রু দত্ত বলেন, এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকার নিজেদের মন্ত্রীকে রক্ষা করতে তাঁকেই মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছিল। নতুন সরকারের এই পদক্ষেপকে তিনি স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য, যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগ ওঠার পর প্রথমে মূল আয়োজক হিসেবে শতদ্রু দত্তকেই গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই ঘটনার তদন্ত নতুন করে শুরু করার ইঙ্গিত দেন বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপরই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন শতদ্রু।
এফআইআর দায়েরের পর সোশ্যাল মিডিয়ায় তার কপি প্রকাশ করে ‘সত্যমেব জয়তে’ মন্তব্যও করেছিলেন শতদ্রু দত্ত। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিপিকে ধন্যবাদ জানান।
এবার অরূপ বিশ্বাসের থানায় হাজিরার পর তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক ও ক্রীড়া মহলের।




















