পূর্ব মেদিনীপুর – নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনসভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বারের মতো নন্দীগ্রামে সভা করতে চলেছেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দির মাঠে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের মধ্যে ব্যস্ততা তুঙ্গে।
এর আগে নন্দীগ্রাম কলেজ মাঠ সংলগ্ন এলাকায় ধন্যবাদ জ্ঞাপন সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও তিনি রেয়াপাড়ায় ধন্যবাদ জ্ঞাপন সভায় অংশ নেবেন। পাশাপাশি রাজ্যজুড়ে ১৫, ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিতব্য জনকল্যাণ শিবির কর্মসূচির আনুষ্ঠানিক সূচনাও এই মঞ্চ থেকেই করবেন বলে জানা গিয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, নন্দীগ্রামের বিএমটি হাই স্কুল এবং কালীচরণপুরে আয়োজিত দুটি জনকল্যাণ শিবিরে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই জেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা প্রস্তুতি শুরু করেছেন। সভাস্থল ও শিবিরগুলির নিরাপত্তা ও পরিকাঠামোগত ব্যবস্থা খতিয়ে দেখেন জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
তিনদিনব্যাপী এই জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য পৃথক কাউন্টার খোলা হবে। অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, বার্ধক্য ভাতা-সহ একাধিক জনমুখী প্রকল্পের পরিষেবা ও তথ্য প্রদান করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে, শালবনিতে সরকারি জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি জমি বেআইনিভাবে দখল ও হস্তান্তরের অভিযোগে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে সূত্রের খবর।
তদন্তকারী সংস্থার দাবি, সরকারি জমি সংক্রান্ত আর্থিক লেনদেন ও অন্যান্য অনিয়মের সূত্র ধরে তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। এই ঘটনায় সুমিত রায় নামে এক ব্যক্তির নামও সামনে এসেছে। গোটা ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।



















