রাজ্য – আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার নবান্নের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সাড়ম্বরে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস এবং অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ জুন সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সরকারি কর্মীদের তাঁদের সংশ্লিষ্ট দফতর, সরকারি আবাসন, রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গনে উপস্থিত থাকতে হবে। যোগব্যায়াম ও সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নেওয়াও বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
নবান্নের নির্দেশে স্পষ্ট করা হয়েছে, এই কর্মসূচির আওতায় থাকবেন রাজ্য সরকারের সমস্ত স্তরের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক এবং নির্দিষ্ট সাম্মানিকভিত্তিক কর্মীরা। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনিক সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালনে অংশ নিতে হবে।
তবে সব কর্মীকেই রেড রোডে উপস্থিত থাকতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। সংশ্লিষ্ট দফতর বা নির্ধারিত স্থানে থেকেও তাঁরা এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতি বছরই কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বৃহৎ আকারে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। তবে এই প্রথম পশ্চিমবঙ্গে এত বড় পরিসরে যোগ দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে রেড রোডে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিকে যোগ দিবসকে ঘিরে রাজ্যে একাধিক বিশেষ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। আগামী ১৯ জুন থেকে শুরু হবে নানা অনুষ্ঠান। তার মধ্যে রয়েছে ‘দৌড় সে ধ্যান’, নৌকায় যোগব্যায়াম এবং বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড শো। যোগচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।



















