রাজ্য – চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। বুধবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ২১ জুলাই থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ৩০ জুলাই পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোন প্রার্থীর কাউন্সেলিং কবে হবে, সেই সংক্রান্ত কল লেটার স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আগামী শুক্রবার থেকেই প্রার্থীরা সেই কল লেটার সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।
ডিভিশন বেঞ্চের নির্দেশে অবমাননা মামলায় মেধাতালিকাভুক্ত ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে ২১ মে শিক্ষা দপ্তর আদালতে ১,১৭৭টি শূন্যপদের তথ্য জমা দেয়। সেই তথ্যের ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হয় এবং এবার কাউন্সেলিংয়ের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ আগস্ট টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ফল প্রকাশিত হয়। পরে ২০২৪ সালের ২৮ আগস্ট ১৪,০৫২ জন প্রার্থীর নিয়োগের নির্দেশ জারি হয়। একই বছরের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হয় চূড়ান্ত মেধাতালিকা। ৩ অক্টোবর থেকে কাউন্সেলিং ও সুপারিশের প্রক্রিয়া শুরু হলেও ১২,৭২৩ জনের কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পর বাকি প্রার্থীদের নিয়োগ আইনি জটিলতার কারণে আটকে যায়। সেই জট কাটার পর এবার ফের নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিল স্কুল সার্ভিস কমিশন।




















