পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগের ঘোষণা ফ্লিপকার্টের, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে নতুন পরিকল্পনা

পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগের ঘোষণা ফ্লিপকার্টের, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে নতুন পরিকল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পশ্চিমবঙ্গে বিনিয়োগ আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানাল ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন ফ্লিপকার্ট গ্রুপের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। বৈঠকে রাজ্যে ভবিষ্যতের বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ফ্লিপকার্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গে তাদের সাপ্লাই চেন পরিকাঠামো, সেলার ইকোসিস্টেম এবং দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে। সংস্থার দাবি, ভারতে তাদের বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার বা পণ্য সংরক্ষণ ও বিতরণ কেন্দ্র পশ্চিমবঙ্গেই অবস্থিত।

বর্তমানে রাজ্যজুড়ে ফ্লিপকার্টের ৩০০টিরও বেশি ফুলফিলমেন্ট সেন্টার, মাদার হাব এবং লাস্ট-মাইল ডেলিভারি কেন্দ্র রয়েছে। এই পরিকাঠামোর মাধ্যমে পশ্চিমবঙ্গে ১ লক্ষ ২০ হাজারেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলে সংস্থার দাবি।

ওয়ালমার্ট মালিকানাধীন এই ই-কমার্স সংস্থা জানিয়েছে, হরিণঘাটায় অবস্থিত তাদের বৃহত্তম ফুলফিলমেন্ট ও লজিস্টিকস হাবকে আরও দীর্ঘমেয়াদি ও সম্প্রসারিত করার লক্ষ্যেই নতুন বিনিয়োগ করা হবে। ছয়তলা বিশিষ্ট এই আধুনিক কেন্দ্রটিতে প্রায় ৫০ লক্ষ ঘনফুট পণ্য সংরক্ষণের ক্ষমতা রয়েছে। এখানে স্বয়ংক্রিয় স্টোরেজ ও রিট্রিভাল সিস্টেম, রোবোটিক প্যাকেজিং আর্ম, ক্রস-বেল্ট সর্টার এবং প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ কনভেয়ার বেল্টের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়।

ফ্লিপকার্টের দাবি, ভারতে এই আকারের ই-কমার্স ফুলফিলমেন্ট সেন্টারগুলির মধ্যে হরিণঘাটার কেন্দ্রটিই প্রথম, যা ‘ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল’-এর ‘প্ল্যাটিনাম’ স্বীকৃতি অর্জন করেছে। সংস্থার নতুন বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজ্যে শিল্প, লজিস্টিকস এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আরও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top