বন্ধের পর ফের খুলছে মহাদেব জুট মিল, কাজে ফিরবেন প্রায় ৮৫০ শ্রমিক

বন্ধের পর ফের খুলছে মহাদেব জুট মিল, কাজে ফিরবেন প্রায় ৮৫০ শ্রমিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠানগুলিকে পুনরায় চালু করার উদ্যোগের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর হাওড়ার বালির মহাদেব জুট মিল আগামী ২৫ জুলাই থেকে পুনরায় চালু হতে চলেছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৮৫০ জন শ্রমিক আবার কাজে ফেরার সুযোগ পাবেন, যা সংশ্লিষ্ট শ্রমিক পরিবারগুলির জন্য স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে।

মহাদেব জুট মিলটি ২০২৫ সালের ২৪ ডিসেম্বর থেকে বন্ধ ছিল। মিল পুনরায় চালুর লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের উদ্যোগে একাধিক বৈঠক ও আলোচনার পর অবশেষে সমাধানের পথ বেরিয়ে আসে। বুধবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম সচিব রচনা ভগত, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং হাওড়ার ডেপুটি শ্রম কমিশনার সুমন্ত রায়।

এই বৈঠকে মহাদেব জুট মিলের সঙ্গে যুক্ত তিনটি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরাও অংশ নেন। দীর্ঘ আলোচনায় শ্রমিকদের বিভিন্ন দাবি, মিল পরিচালনার সমস্যা এবং উৎপাদন পুনরায় শুরু করার বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর সর্বসম্মতিক্রমে আগামী ২৫ জুলাই থেকে মিলটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রম দফতরের আশা, মিল পুনরায় চালু হলে শুধু ৮৫০ জন শ্রমিকই উপকৃত হবেন না, বরং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও নতুন করে গতি পাবে। একইসঙ্গে রাজ্যে বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করার উদ্যোগেও এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top