রাজ্য – পশ্চিমবঙ্গ বিধানসভায় ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের বাজেটের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে একাধিক নতুন প্রকল্প ও আর্থিক সুবিধার ঘোষণা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। স্কুলস্তর থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি, প্রাক্তন ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জনকারীদের উৎসাহিত করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা জানানো হয়।
ক্রীড়ামন্ত্রী জানান, রাজ্য সরকার ‘নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়া পরিকাঠামো প্রকল্প’ চালু করতে চলেছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি স্কুল ও কলেজকে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য ১৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের লক্ষ্য, স্কুলস্তর থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে আধুনিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করা, যাতে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ গড়ে তোলা যায়।
প্রাক্তন ক্রীড়াবিদদের জন্যও নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে। ‘মুখ্যমন্ত্রী কৃতি প্রাক্তন ক্রীড়াবিদ সম্মান যোজনা’-র আওতায় অতীতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজ্যের সম্মান বৃদ্ধি করা ক্রীড়াবিদদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মানিক দেওয়া হবে। প্রথম পর্যায়ে এক হাজার প্রাক্তন ক্রীড়াবিদ এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
এছাড়াও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কার বৃদ্ধি এবং বিভিন্ন ক্রীড়া ক্লাব ও সংস্থাকে আরও সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। রাজ্যে ক্রীড়ার পরিকাঠামো উন্নয়ন এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য বলে বিধানসভায় জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।




















