রাজ্য – নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্ককে কেন্দ্র করে দেশজুড়ে চলা আন্দোলনের প্রভাব এবার পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি। দিল্লিতে অনশন ও বিক্ষোভের পর শুক্রবার কলকাতায় এসএফআই এবং ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ঘোষিত প্রতিবাদ কর্মসূচির আগে সাংবাদিক বৈঠকে বিজেপি জানিয়ে দেয়, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক অশান্তি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোনও চেষ্টা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, মিডিয়া সেলের আহ্বায়ক বিমলশঙ্কর নন্দ এবং রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস। তাঁরা জানান, প্রশ্নফাঁসের ঘটনায় কিছু প্রশাসনিক ত্রুটি থাকলেও কেন্দ্র সরকার দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাংবাদিক বৈঠকে তাপস রায় দাবি করেন, নিট প্রশ্নফাঁসের ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের সাম্প্রতিক পরিস্থিতির মতো পরিবেশ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে এবং এর পেছনে বিদেশি অর্থেরও ভূমিকা থাকতে পারে। যদিও এই দাবির পক্ষে তিনি কোনও প্রমাণ প্রকাশ করেননি।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে কোনও ধরনের নৈরাজ্য বা অশান্তির চেষ্টা সফল হতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়েছে।




















