রাজ্য -;নিট-ইউজি পরীক্ষায় রাজ্যের প্রথম ১০০ জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী মঙ্গলবার নবান্ন সভাঘরে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে তাঁদের হাতে সংবর্ধনা তুলে দেবেন। এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই নবান্নে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।
চলতি বছরে নিট-ইউজি পরীক্ষার ফল প্রকাশের পর এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার কৃতীদের সরকারি সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং সমতুল পরীক্ষার মেধাবীদের সংবর্ধনা দেওয়ার রীতি থাকলেও নিট-ইউজি-র কৃতীদের এভাবে সরকারি সম্মান জানানোর নজির ছিল না।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য শিক্ষা দপ্তর এবারের নিট-ইউজি পরীক্ষায় রাজ্যের প্রথম ১০০ জন কৃতী পড়ুয়ার তালিকা প্রস্তুত করেছে। সেই তালিকা ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের কাছেও পাঠানো হয়েছে। অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় রেখে প্রস্তুতি চলছে।
নিট প্রশ্নফাঁস, তা ঘিরে দেশজুড়ে আন্দোলন এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার আবহে এই সংবর্ধনা অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে নবান্ন সূত্রের দাবি, রাজ্যের মেধাবী পড়ুয়াদের উৎসাহিত করা এবং তাঁদের সাফল্যকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।




















