কলকাতা – শহরের ফুটপাত ও রাস্তা দখল করে বেআইনি পার্কিং রুখতে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। আইন অমান্য করে ফুটপাত বা নিষিদ্ধ এলাকায় গাড়ি কিংবা বাইক পার্কিং করলে মামলা দায়েরের পাশাপাশি জরিমানাও করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মঙ্গলবার সন্ধ্যায় আচমকা মিডিলটন স্ট্রিট পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখেন। ফুটপাতে পর্যাপ্ত জায়গা রয়েছে কি না, পথচারীদের চলাচলে কোনও সমস্যা হচ্ছে কি না এবং কোথাও বেআইনি পার্কিং রয়েছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি স্পষ্ট নির্দেশ দেন, যত্রতত্র গাড়ি বা বাইক রাখা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
এরপর হরিশ মুখার্জি স্ট্রিটেও পরিদর্শনে যান অগ্নিমিত্রা পাল। সেখানে ফুটপাতের অবস্থা, পথচারীদের জন্য পর্যাপ্ত জায়গা এবং বেআইনি দখলের বিষয়গুলি খতিয়ে দেখা হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।
প্রশাসনিক সূত্রের খবর, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রায় প্রতিদিন কলকাতার বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শন করছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। নিকাশি ব্যবস্থা, রাস্তার অবস্থা, বেআইনি পার্কিং, ফুটপাত দখল এবং সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যা হচ্ছে কি না, সেই সব বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজ্য সরকারের দাবি, শহরের রাস্তা ও ফুটপাতকে দখলমুক্ত রেখে নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য।




















