রাজ্য – বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মধ্যে ফের জোর চর্চা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হলেও, কলকাতা পুরসভা (কেএমসি) এলাকায় বসবাসকারী বহু অবসরপ্রাপ্ত কর্মচারীর অ্যাকাউন্টে এখনও সেই টাকা জমা পড়েনি বলে অভিযোগ।
এরই মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে জানিয়েছেন, কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তিনি সকলকে নিজেদের মোবাইল মেসেজ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর রাখার পরামর্শ দিয়েছেন।
তাঁর এই পোস্টের পর অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীর মধ্যে আশার সঞ্চার হলেও, অনেকে এখনও সংশয় প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে অনেকেই লিখেছেন, সরকারি ঘোষণা ও বাস্তবের মধ্যে ফারাক থাকায় তাঁরা টাকা অ্যাকাউন্টে না আসা পর্যন্ত নিশ্চিত হতে চাইছেন না। পাশাপাশি গ্রান্ট-ইন-এইড কর্মচারীদের বকেয়া ডিএ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
এর আগে মলয় মুখোপাধ্যায় দাবি করেছিলেন, ১ এপ্রিল ২০২৬ থেকে ৪ শতাংশ ডিএ এখনও বকেয়া রয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, গ্রান্ট-ইন-এইড কর্মচারী এবং কেএমসি এলাকার অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ কবে মেটানো হবে, সে বিষয়ে সরকারের স্পষ্ট ঘোষণা এখনও আসেনি।




















