ওয়াশিংটন:
ইরানের আর্জিতে সাড়া দিয়ে আপাতত নতুন করে সামরিক হামলার পথে না হাঁটার সিদ্ধান্তের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, তেহরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের একাধিক দেশ আমেরিকার কাছে নতুন করে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধের ভিত্তিতেই আপাতত কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধানের চেষ্টা করা হবে।
ডোনাল্ড ট্রাম্প জানান, বর্তমানে পাকিস্তান, কাতার ও মিশরের মতো একাধিক দেশ আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করছে। আলোচনার প্রক্রিয়া চলাকালীন নতুন করে কোনও সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলেও তিনি স্পষ্ট করেন। তাঁর মতে, আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে।
নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প দাবি করেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমেরিকা সম্পূর্ণ প্রস্তুত এবং দেশটির সামরিক শক্তি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত শক্তিশালী প্রস্তুতি আগে দেখা যায়নি। তবে ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অনুরোধে আপাতত সেই সামরিক পদক্ষেপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প আরও জানান, আলোচনায় যে চুক্তির খসড়া নিয়ে সমঝোতা হয়েছে, তার অন্যতম প্রধান বিষয় হরমুজ প্রণালিকে অবিলম্বে সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির অবসান ঘটানো। তিনি বলেন, বিশ্বের ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি নতুন হামলার পরিকল্পনা বাতিল করতে রাজি হয়েছেন। তবে তাঁর শর্ত, যত দ্রুত সম্ভব এই চুক্তি স্বাক্ষরিত হতে হবে।




















