
বীরভূমে পাথর পরিবহণে দুর্নীতি ও ভুয়ো ডিসিআর ব্যবহারে লাগাম টানতে এবার বড় পদক্ষেপ নিল প্রশাসন। শুক্রবার মহম্মদবাজার থানা এলাকার রায়পুর চেক গেটে অনলাইন ডিসিআর ব্যবস্থা চালু করা হয়। এবার থেকে শুধুমাত্র অনলাইনেই মিলবে ডিসিআর টোকেন। ট্রাক মালিকরা সরাসরি অনলাইনে রাজস্ব জমা দেবেন এবং সরকারি ব্যবস্থার মাধ্যমেই ডিসিআর সংগ্রহ করতে পারবেন। প্রশাসনের দাবি, নতুন ব্যবস্থায় নগদ লেনদেন, অতিরিক্ত টাকা আদায় এবং বেআইনি লেনদেনের সুযোগ অনেকটাই কমবে। পাশাপাশি চেক গেটগুলিতে সরকারি আধিকারিকদের নজরদারি এবং রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশ-প্রশাসনের তদারকিও জোরদার করা হবে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।



















