রাজ্য – স্বাধীনতা দিবসের আগেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের জেরে চাপে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। এরই মধ্যে বৃহস্পতিবার দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগ্রহশালা, অর্থাৎ নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু।
সংগ্রহশালা পরিদর্শনের পর কার্শিয়াংয়ের এই ঐতিহাসিক স্থানকে ঘিরে বড় ঘোষণা করেন বিধানসভার স্পিকার। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত এই স্থানকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
রথীন্দ্রনাথ বসু বলেন, কার্শিয়াংয়ের এই সংগ্রহশালা দার্জিলিং পাহাড়ের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক সম্পর্ককে সংরক্ষণ করে রেখেছে। তাই আগামী দিনে এই জাদুঘরকে আরও উন্নত করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জায়গা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
নেতাজির স্মৃতি এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কেন্দ্র করে কার্শিয়াংয়ের এই গুরুত্বপূর্ণ স্থানকে আরও আকর্ষণীয় করে তুলতে পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রচারের উপর জোর দেওয়া হবে বলেও জানান স্পিকার। তাঁর এই ঘোষণায় পাহাড়ের ঐতিহাসিক এই সংগ্রহশালাকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা।




















