রাজ্য – আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও মৃত্যুর ঘটনার দুই বছর পূর্তি ছিল গত রবিবার। সেই দিনই ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অভয়ার শেষকৃত্যে ঠিক কী ধরনের অনিয়ম হয়েছিল, তা খতিয়ে দেখে তদন্ত করতে হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সোমবার খড়দহ থানায় এফআইআর দায়ের করেন নির্যাতিতার বাবা। তাঁর অভিযোগে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ-সহ তিনজনের নাম উল্লেখ করা হয়। অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করে পুলিশ।
নির্মল ঘোষের গ্রেফতারির রেশ কাটতে না কাটতেই এবার পুলিশের জালে ধরা পড়লেন মামলার অন্যতম অভিযুক্ত, পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় ওরফে সঞ্জু। পানিহাটির অম্বিকা মুখার্জি রোডের সিআর পার্ক এলাকায় নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ।
অভয়ার শেষকৃত্যে কথিত অনিয়মের অভিযোগের তদন্তে একের পর এক গ্রেফতারির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্মল ঘোষের পর সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেফতারিকে ঘিরে তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে।




















